Viduthalai Part 1 & 2 – একটি নির্মম বাস্তবতার দলিল
পরিচালনা: ভেট্রি মারান
অভিনয়: বিজয় সেতুপতি, সুরি, ভাভানি শ্রী, গৌতম বাসুদেব মেনন, রাজীব মেনন
রিলিজ ডেট:
- Part 1 – ৩১ মার্চ, ২০২৩
- Part 2 – ২০ ডিসেম্বর, ২০২৪
জনরা: সামাজিক-রাজনৈতিক থ্রিলার
রানটাইম:
- Part 1 – ২ ঘণ্টা ৩০ মিনিট
- Part 2 – ২ ঘণ্টা ৫২ মিনিট
IMDb রেটিং:
- Part 1 – 8.2/10
- Part 2 – 8.3/10
পার্সোনাল রেটিং:
Viduthalai Part 1: 8/10
Viduthalai Part 2: 7/10
🎥 ট্রেলার – Viduthalai Part 1
🎥 ট্রেলার – Viduthalai Part 2
গল্পের মূল সুরঃ
Viduthalai সিরিজ শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের গল্প, যা আদিবাসী জনগণের প্রতি রাষ্ট্রের দমন-পীড়নের বাস্তব চিত্র তুলে ধরে। প্রথম পর্ব শুরু হয় একটি ট্রেন বিস্ফোরণের মাধ্যমে, যার জন্য সরকার দায়ী করে ‘Makkal Padai’ নামক একটি বিদ্রোহী গোষ্ঠীকে, যার নেতা পেরুমাল (বিজয় সেতুপতি)। পুলিশ বাহিনী এই “সন্ত্রাসী দল”-কে দমন করতে নেমে পড়ে, আর সেই অভিযানে যুক্ত হয় সদ্য নিয়োগপ্রাপ্ত, সৎ এবং মানবিক কনস্টেবল কুমারেসান (সুরি)।
Part 1 এর শক্তি ও গভীরতাঃ
গ্রাম আর রাষ্ট্রের সংঘাত এখানে শুধু ভূমির অধিকার নিয়ে নয়, ক্ষমতা বনাম ন্যায়বিচারের প্রতিচ্ছবি। কুমারেসানের চোখ দিয়ে আমরা দেখি এক নিষ্পাপ ব্যক্তির ধীরে ধীরে জেগে ওঠা — আইন আর মানবিকতার দ্বন্দ্বে তার দোদুল্যমান অবস্থান। পরিচালক ভেট্রি মারান প্রথম পর্বে এক ধরনের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, ধীরে ধীরে পটভূমি গড়ে তোলার মাধ্যমে। সিনেমাটোগ্রাফি, বিশেষ করে পাহাড়ি অঞ্চল, ওয়ান-টেক শট এবং জিভি প্রকাশের ব্যাকগ্রাউন্ড মিউজিক মুভিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
Part 2: মুক্তির মূল্য ও প্রশ্নের উত্তরঃ
দ্বিতীয় পর্ব শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে প্রথমটি শেষ হয়। এবার গল্প আরও গভীর, আরও রাজনৈতিক। পেরুমাল গ্রেফতার হয়েছেন, কিন্তু তিনি শুধু একজন বিদ্রোহী নন, তিনি গ্রামীণ জনগণের মুক্তির প্রতীক। তার অতীত, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, স্কুল শিক্ষক থেকে প্রতিরোধের নেতা হয়ে ওঠার গল্প এক সামাজিক চেতনার জন্ম দেয়।
এখানে পুলিশি বর্বরতা, নারী নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন যেন নীরবে দর্শকের সামনে এক নিষ্ঠুর বাস্তবতা মেলে ধরে। তবে এই অংশে কুমারেসানের বিবেকী দ্বন্দ্ব আরও স্পষ্ট। একজন পুলিশ হয়েও সে যেন নিজের আদর্শ হারাতে চায় না। বিজয় সেতুপতি এখানে তেমন স্ক্রিনটাইম না পেলেও, তার উপস্থিতি শক্তিশালী ও অর্থবহ।
কারিগরি ও পারফরম্যান্সঃ
- সুরি – কমেডি ব্যাকগ্রাউন্ড থেকেও কী দারুণভাবে একজন সাধারণ পুলিশ অফিসারের দ্বিধা, ভয়, আর বিবেকের লড়াই তুলে ধরেছেন!
- বিজয় সেতুপতি – স্বল্প উপস্থিতিতেও যেন অগ্নিমন্ত্র!
- ভেট্রি মারান – সাহসী, তীক্ষ্ণ ও নির্মোহ এক পরিচালক। পুলিশের প্রতি তার ক্ষোভ যেন শিল্পরূপে পরিণত হয়েছে।
কেন দেখবেন Viduthalai:
- একটি ভিন্নধর্মী গল্প, যা সামাজিক প্রতিরোধ ও ন্যায়বিচারের জোরালো বার্তা বহন করে
- রিয়ালিস্টিক পরিবেশ, দুর্দান্ত অভিনয়
- রাজনৈতিক সচেতনতার এক জোরালো পাঠ
- মুভির গ্রাফিক্যাল নির্যাতনের দৃশ্য, নগ্নতা ও ডার্ক থিম, যারা সাহস করে দেখতে পারবেন, তাদের জন্য এটি মাস্ট-ওয়াচ।
নেগেটিভ দিকঃ
- প্রথম অংশের শুরু কিছুটা ধীরগতি হলেও পরবর্তীতে সেটিই হয়ে ওঠে গভীরতা তৈরি করার কারিগর
- দ্বিতীয় পর্বে বক্তৃতার পরিমাণ কিছুটা বেশি, তবে সেটিও গল্পের প্রয়োজনে যুক্তিযুক্ত।
Viduthalai Part 1 & 2 — এটি এমন এক সিরিজ, যা চোখ খুলে দেয়, বিবেক নাড়া দেয় এবং প্রশ্ন তোলে — "ন্যায়বিচার কি শুধু আইন দ্বারা নির্ধারিত হয়?"
ভয়ানক নির্যাতনের দৃশ্য, রাষ্ট্রের নামে পরিচালিত জঘন্য অপরাধ আর এক মানবিক হৃদয়ের জেগে ওঠার গল্প নিয়ে Viduthalai যেন এক সুশৃঙ্খল বিদ্রোহ।
বি:দ্র: এই সিনেমা ১৮+ শ্রেণির, কারণ এতে ভয়ংকর নির্যাতন, নগ্নতা এবং সহিংসতা উঠে এসেছে। যারা সমাজ-রাজনীতি ও বাস্তবধর্মী সিনেমা ভালোবাসেন, তাদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা হবে।
0 Comments